পুলিশে প্রথম স্যাটেলাইটের মাধ্যমে বেতার যোগাযোগ স্থাপিত
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো। ভিস্যাট (VSAT)-এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে নোয়াখালীর ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এ উদ্যোগ বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার এক সফল বাস্তবায়ন।